ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের শেষ টেস্ট তিন দিনেই শেষ হবে ধরে নিয়ে সাইম আইয়ুবের জন্য আগেই বিমানের টিকিট কেটেছিল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল জ্যামাইকা কিংসমেন। কিন্তু রাজাউল্লাহর দারুণ ব্যাটিংয়ে ম্যাচ চতুর্থ দিনে গড়ানোয় সেই পরিকল্পনা বদলে যায়।
তৃতীয় দিনের খেলা শেষে রাতেই বার্বাডোজের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল সাইম আইয়ুবের। তবে পাকিস্তানের হয়ে রাজাউল্লাহর রেকর্ড গড়া ইনিংসে ম্যাচ নতুন মোড় নেয়। ফলে নির্ধারিত ফ্লাইট বাতিল করে সাইমের ক্যারিবিয়ানে ফেরার সময় একদিন পিছিয়ে দেওয়া হয়।
ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, তৃতীয় দিনের খেলা শেষ হলে সাইমকে ফেরানোর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুমতিও নিয়েছিল জ্যামাইকা। কিন্তু ম্যাচ চতুর্থ দিনে গড়ানোর কারণে সেই টিকিট আর কাজে লাগেনি।
জ্যামাইকার হয়ে দারুণ মৌসুম কাটাচ্ছিলেন সাইম আইয়ুব। তবে পাকিস্তানের দ্বিতীয় টেস্টে হারের পর সাত খেলোয়াড়কে দেশে ফেরত পাঠানো হলে অপ্রত্যাশিতভাবে জাতীয় দলে ডাক পান তিনি। এরপর ক্যারিবিয়ান ছেড়ে সরাসরি যুক্তরাজ্যে যান এই অলরাউন্ডার।
সাদা পোশাকে অবশ্য নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি সাইম আইয়ুব। দুই ইনিংসেই শূন্য রানে আউট হন এবং বল হাতে কোনো উইকেটও পাননি।
ম্যাচ চতুর্থ দিনে গড়ানোর পর সাইমের ফ্লাইট পিছিয়ে গেলেও শেষ পর্যন্ত জ্যামাইকার জন্য ফল ভালো হয়নি। তার অনুপস্থিতিতে বার্বাডোজের কাছে হেরেছে দলটি। এর আগে পাকিস্তানের হয়ে দায়িত্ব পালন করার সময় গায়ানা আমাজন ওয়ারিয়র্সের কাছেও হেরেছিল জ্যামাইকা।
আরও পড়ুন: খেলাধুলা | আন্তর্জাতিক
YouTube Community: GreenOnlineBD















