ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
ড. মোহাম্মদ ইব্রাহিম স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আজ রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় সাদা দল শোক জানিয়েছে। সংগঠনটি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী, শিক্ষার্থী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল জানিয়েছে, শিক্ষা ও গবেষণায় ড. মোহাম্মদ ইব্রাহিমের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অঙ্গনে একটি শূন্যতা তৈরি হলো।
ড. মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুতে তাঁর পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
আরও পড়ুন: শিক্ষা সংবাদ













