খুলনায় অপহরণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলার তদন্তে আয়শা খাতুন নামে এক নারীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই খুলনা জেলা ইউনিট শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে এ তথ্য জানায়।
আয়শা খাতুন (৩৬) কয়রা উপজেলার নকশা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে এবং দাকোপের গুনারী গ্রামের ইসলাম সরদারের স্ত্রী। তার মা আমেনা খাতুন মেয়েকে অপহরণ করে হত্যা করা হয়েছে অভিযোগ করে আদালতে মামলা করেছিলেন। পিবিআই খুলনা তদন্তে নেমে পরে প্রকৃত ঘটনা জানতে পারে।
তদন্তকারী কর্মকর্তা এসআই এস এম রাজীব রায়হান জানান, গত ৩ আগস্ট আমেনা খাতুন খুলনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কয়রা আমলি আদালতে একটি সিআর মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, গত ১১ জুলাই আয়শাকে তার স্বামী ইসলাম সরদারসহ অন্যরা পূর্বপরিকল্পিতভাবে অপহরণ করেন।
তদন্ত ও আয়শার জবানবন্দি থেকে জানা যায়, প্রায় ১২ বছর আগে ইসলাম সরদারের সঙ্গে তার বিয়ে হয়। সংসার নিয়ে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। একপর্যায়ে স্বামীর সঙ্গে সংসার না করার সিদ্ধান্ত নিয়ে প্রায় দেড় মাস আগে পরিবারের কাউকে না জানিয়ে তিনি ঢাকায় গিয়ে আত্মগোপন করেন। পিবিআই খুলনা তদন্তের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে জীবিত উদ্ধার করে।
পিবিআই খুলনার বিশেষ পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, অপহরণ ও হত্যার মামলার ভিকটিমকে দ্রুত জীবিত উদ্ধার করা সম্ভব হওয়ায় মানুষের মধ্যে পিবিআই খুলনা-এর প্রতি আস্থা আরও বাড়বে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর পড়ুন: আন্তর্জাতিক সংবাদ
আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community














