‘বনলতা এক্সপ্রেস’-এর সাফল্যের পর আবারও বড় পর্দায় জুটি বাঁধছেন শরিফুল রাজ ও সাবিলা নূর। নতুন সিনেমা কানাভুলা প্যারাডক্স-এ একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে।
তানিম নূরের প্রযোজনায় নির্মিত হতে যাওয়া সিনেমাটি পরিচালনা করবেন তরুণ নির্মাতা জুটি আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার। তাদের পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে কানাভুলা প্যারাডক্স সিনেমার মধ্য দিয়ে।
টাইম-ট্রাভেল, রোমান্স ও মিস্ট্রির সমন্বয়ে নির্মিত হবে সিনেমাটি। নির্মাতারা সময়, সম্পর্ক, স্মৃতি ও রহস্যের ভিন্নধর্মী গল্পের মাধ্যমে দর্শকদের নতুন অভিজ্ঞতা দিতে চান। কানাভুলা প্যারাডক্স সিনেমার গল্পের মূল অনুপ্রেরণা নেওয়া হয়েছে মোহাইমিনুল ইসলাম বাপ্পীর ২০২৪ সালে প্রকাশিত একই নামের উপন্যাস থেকে।
সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে। এরপর একই বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। এতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন শরিফুল রাজ ও সাবিলা নূর।
আয়মান আসিব স্বাধীন এর আগে ‘কাইজার’, ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এ চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা হিসেবে কাজ করেছেন। অন্যদিকে সুস্ময় সরকার এসব কাজেই গল্পকার ও প্রধান সহকারী পরিচালক হিসেবে যুক্ত ছিলেন। কানাভুলা প্যারাডক্স হতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান বুড়িগঙ্গা টকিজের তৃতীয় চলচ্চিত্র।
‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর সাফল্যের ধারাবাহিকতায় নতুন এই সিনেমা নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। কানাভুলা প্যারাডক্স নতুন ধরনের গল্প ও নির্মাণশৈলীতে দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, এখন সেটিই দেখার বিষয়।
আরও বিনোদন সংবাদ: আন্তর্জাতিক সংবাদ
আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community















