চাঁদপুরের কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামে চুরিতে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। রোববার গভীর রাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত ফাতেমা বেগম (৭৫) উপজেলার বেরকোটা গ্রামের মৃত সাদেক উল্যাহ মিয়াজির স্ত্রী। তিনি তিন ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন।
পরিবারের সদস্যদের দাবি, গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে ঘুমন্ত অবস্থায় ফাতেমা বেগমের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে।
অভিযোগ রয়েছে, হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা ঘর থেকে মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে।















