প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। শিক্ষার্থীদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে বিষয়টি সরাসরি জড়িত।
বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সালমান খান আন্দোলনরত শিক্ষার্থীদের সাহস ও ধৈর্যের প্রশংসা করেন। তিনি বলেন, শান্তিপূর্ণ উপায়ে নিজেদের দাবি তুলে ধরা শিক্ষার্থীদের উদ্যোগ অনুপ্রেরণাদায়ক।
প্রশ্নপত্র ফাঁসকে গুরুতর ইস্যু উল্লেখ করে অভিনেতা বলেন, শিক্ষার্থীদের আন্দোলন কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়। রাজনীতি ঢুকে পড়লে মূল সমস্যা আড়ালে পড়ে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সালমান খান আরও বলেন, আন্দোলনকে রাজনৈতিক দলগুলোর নিজেদের স্বার্থে ‘হাইজ্যাক’ করা উচিত নয়। সরকার দ্রুত শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিকে, নিটসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দিল্লিতে কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে। যন্তর মন্তরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার পর সেখানে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে বিভিন্ন ছাত্র সংগঠন আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর আগে নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি ও প্রকাশ রাজও শিক্ষার্থীদের আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন।
আরও পড়ুন: শিক্ষা সংবাদ
আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community















