বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আজ ঢাকায় পৌঁছাবে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। এবারের সফরে দলটির নেতৃত্বে থাকছেন সৈয়দ আজিজ। তবে ক্রিকেটীয় পরিচয়ের পাশাপাশি ব্যক্তিগত কারণেও তিনি বাংলাদেশের মানুষের কাছে বেশ পরিচিত।
মালয়েশিয়া দলের অধিনায়ক সৈয়দ আজিজ চট্টগ্রামের মেয়ে রওনাক নওয়ারকে বিয়ে করেছেন। ২০২৩ সালে মালয়েশিয়ায় তাদের পরিচয় হয়। প্রায় দুই বছরের সম্পর্কের পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এই বিয়ের মাধ্যমে সৈয়দ আজিজ এখন বাংলাদেশের জামাই হিসেবেও পরিচিত। বিয়ের সময় মালয়েশিয়া থেকে তার পরিবারের সদস্যরাও বাংলাদেশে এসেছিলেন। ফলে এবারের সফরটি তার জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে।
২০১৬ সালে মালয়েশিয়ার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ধারাবাহিক পারফরম্যান্সে জাতীয় দলে জায়গা করে নেন সৈয়দ আজিজ। বর্তমানে তিনি মালয়েশিয়ার টি-টোয়েন্টি দলের অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার এবং অধিনায়ক।
ক্রিকেটপ্রেমীদের নজর এখন বাংলাদেশ-মালয়েশিয়া সিরিজের দিকে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সৈয়দ আজিজ-কে ঘিরে ব্যক্তিগত এই গল্পও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
আরও আন্তর্জাতিক খবর পড়ুন: আন্তর্জাতিক সংবাদ
আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community















