বাংলাদেশের তৈরি পোশাক খাতে চীনা বিনিয়োগ বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এ উদ্যোগের মাধ্যমে দেশীয় উদ্যোক্তা ও সম্ভাব্য চীনা বিনিয়োগকারীদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনে একটি তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করা হবে।
মঙ্গলবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (ওকাইব) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং ওকাইবের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
চীনা প্রতিনিধিরা জানান, বাংলাদেশের পোশাকশিল্পে চীনা বিনিয়োগ বাড়ানোর ব্যাপারে অনেক প্রতিষ্ঠান আগ্রহী। তবে নির্ভরযোগ্য তথ্যের অভাবে তারা বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারছেন না। এ ক্ষেত্রে বিজিএমইএর সহযোগিতা ও সমন্বয় কামনা করা হয়।
বিজিএমইএ জানায়, আগ্রহী উদ্যোক্তাদের কাছ থেকে কারখানার অবস্থা, উৎপাদন সক্ষমতা, যন্ত্রপাতি, আয়তন এবং যৌথ উদ্যোগ বা শেয়ার হস্তান্তরের সম্ভাবনা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হবে। পরে এসব তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছে পৌঁছে দেওয়া হবে, যাতে চীনা বিনিয়োগ সহজ হয়।
খাতসংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বন্ধ ও সংকটে থাকা অনেক পোশাক কারখানা নতুন মূলধন ও প্রযুক্তি পাবে। একই সঙ্গে ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প, কাঁচামাল উৎপাদন এবং উচ্চমূল্য সংযোজনকারী পণ্য তৈরিতে চীনা বিনিয়োগ আরও বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন: ব্যবসা
আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community















