যশোরে গত ছয় বছরে প্রায় ১৫ হাজার আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। মানসিক স্বাস্থ্যবিষয়ক এক সভায় উপস্থাপিত তথ্যে বলা হয়, ২০২০ সাল থেকে এখন পর্যন্ত ১৪ হাজার ৫১৬ জন আত্মহত্যার চেষ্টা করেছেন, যার মধ্যে ৩৪৪ জনের মৃত্যু হয়েছে।
বুধবার যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় যশোর সিভিল সার্জন অফিসের এমও কো-অর্ডিনেটর ডা. মৌসুমী বিনতে মানিক বলেন, আত্মহত্যার চেষ্টার এই হার অত্যন্ত উদ্বেগজনক। মানসিক সুস্থতা নিশ্চিত করতে ব্যক্তি, পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় জানানো হয়, যুক্তরাজ্যভিত্তিক সংস্থা এডিডি ইন্টারন্যাশনাল ২০২০ সালের জুলাই থেকে যশোরে কমিউনিটি-ভিত্তিক মানসিক স্বাস্থ্য সহায়তা প্রকল্প পরিচালনা করে আসছে। চলতি মাসের শেষে প্রকল্পটির আনুষ্ঠানিক সমাপ্তি হবে।
প্রকল্পের আওতায় মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ এবং স্কুলভিত্তিক মানসিক স্বাস্থ্য কর্মসূচি পরিচালিত হয়েছে। বক্তারা ভবিষ্যতেও সরকারি ও বেসরকারি উদ্যোগে আত্মহত্যার চেষ্টা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আরও শিক্ষা সংক্রান্ত খবর পড়ুন: শিক্ষা সংবাদ
আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community















