২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করেছেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, করদাতাদের মধ্যে ডিজিটাল সেবার জনপ্রিয়তা বৃদ্ধির কারণেই অনলাইন পদ্ধতির ব্যবহার দ্রুত বেড়েছে।
বুধবার থেকে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য নতুন করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সুবিধা চালু করা হয়েছে। একই সঙ্গে অধিকাংশ সাধারণ করদাতার জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকসহ কয়েকটি ক্ষেত্রে কাগজে রিটার্ন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
এনবিআর জানিয়েছে, করদাতারা ওয়েবসাইটের মাধ্যমে ই-রিটার্ন দাখিলের পাশাপাশি ব্যাংক ট্রান্সফার, ডেবিট-ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট ও নগদসহ বিভিন্ন মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন। রিটার্ন জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রাপ্তি স্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করা যাবে।
করদাতাদের উৎসাহ দিতে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ই-রিটার্ন দাখিলকারীদের নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ (সর্বোচ্চ ২৫ হাজার টাকা) প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে এনবিআর। নির্ধারিত সময়ের পর রিটার্ন জমা দিলে অতিরিক্ত কর দিতে হবে।
আরও জাতীয় সংবাদ পড়ুন:
https://greenonline.bd/tag/আন্তর্জাতিক-সংবাদ
আপডেট পেতে আমাদের YouTube কমিউনিটিতে যুক্ত থাকুন:
https://www.youtube.com/@GreenOnlineBD/posts















