বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনের লক্ষ্যে শিশু স্বর্গ মডেল কর্মসূচির উদ্বোধন করেছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমান। রাজধানীর কড়াইল এলাকায় আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ১০টি উপজেলায় শিশু স্বর্গ কার্যক্রম চালু হবে। আগামী তিন বছরের মধ্যে দেশের ৫০টি উপজেলায় এবং পরবর্তীতে সব উপজেলায় এই কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী বক্তব্যে ডা. জোবাইদা রহমান বলেন, সঠিক সময়ে চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে বিশেষভাবে সক্ষম শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ সম্ভব। তিনি বলেন, শিশু স্বর্গ প্রকল্প মা ও শিশুদের বিষণ্ণতা দূর করে স্বাবলম্বী ভবিষ্যতের পথে এগিয়ে নেবে।
অনুষ্ঠানে প্রতিবন্ধীবান্ধব নাগরিক সেবা গঠনের ওপরও গুরুত্বারোপ করা হয়। বাস, ট্রেন ও লঞ্চে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াতের সুবিধা চালুর কথাও জানান ডা. জোবাইদা রহমান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন দেশের প্রতিটি উপজেলায় শিশু স্বর্গ মডেল বাস্তবায়নের জন্য। এ লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের স্টিয়ারিং কমিটি কাজ করছে।
বিশেষজ্ঞদের মতে, শিশু স্বর্গ প্রকল্প সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: শিক্ষা সংবাদ
আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community















