রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় ‘শহীদ আবু সাঈদ স্মৃতি কমিউনিটি পাঠাগার’ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) দুপুরে পাঠাগারটির উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা এবং পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে জ্ঞানচর্চার সঙ্গে সম্পৃক্ত করা প্রয়োজন। প্রত্যন্ত অঞ্চলে পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের বই পড়ার সুযোগ বাড়বে এবং তাদের জ্ঞান, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশ ঘটবে। শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার এ লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, শহীদ আবু সাঈদের নাম ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। তাঁর স্মৃতি ধারণ করে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলাই প্রত্যাশা। শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার শুধু বই পড়ার স্থান নয়, এটি এলাকার মানুষের জ্ঞান, চিন্তা ও সৃজনশীলতা বিকাশের কেন্দ্র হয়ে উঠতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে ড. হোসেন জিল্লুর রহমান শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগারটি ঘুরে দেখেন এবং সেখানে বই উপহার দেন। শিক্ষার্থী ও স্থানীয়রা পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানান।
স্থানীয়রা জানান, প্রত্যন্ত এলাকায় শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠার ফলে শিক্ষার্থীরা অবসর সময় বই পড়ার মাধ্যমে কাজে লাগাতে পারবে। পাশাপাশি তরুণদের মধ্যে জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও পাঠাগারটি ভূমিকা রাখবে।
আরও পড়ুন: শিক্ষা সংবাদ
আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community















