অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কুপিয়ে জখম, ৮ দিনেও জ্ঞান ফেরেনি শিক্ষকের

৯০
Online gambling protest teacher attacked Lalmonirhat Ariful Islam college teacher জুয়া চক্র হামলা
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • অনলাইন জুয়ার প্রতিবাদ করায় লালমনিরহাটের আদিতমারীতে কলেজ শিক্ষক আরিফুল ইসলামকে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলার আট দিন পরও জ্ঞান ফেরেনি ওই শিক্ষকের। বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

    গত ১ আগস্ট আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত আরিফুল ইসলাম লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। তিনি ওই এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের ছেলে।

    মামলার এজাহার অনুযায়ী, দীর্ঘদিন ধরে এলাকায় একটি সংঘবদ্ধ চক্র অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনা করে আসছিল। তাদের কর্মকাণ্ডের কারণে স্থানীয় অনেক মানুষ জুয়ায় জড়িয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

    স্থানীয়দের সচেতন করতে শিক্ষক আরিফুল ইসলাম অনলাইন জুয়ার প্রতিবাদ করেছিলেন। অভিযুক্তদের এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে সতর্ক করার পাশাপাশি বিষয়টি পুলিশকে জানানোর কথাও বলেছিলেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে তার ওপর হামলা চালানো হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

    অভিযোগ অনুযায়ী, কলেজ থেকে বাড়ি ফেরার পথে আরিফুল ইসলামের ওপর হামলা চালিয়ে তাকে লোহার রড দিয়ে পেটানো হয় এবং ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়া হয়।

    শিক্ষকের বাবা আবু বক্কর সিদ্দিক জানান, তার ছেলে প্রচুর রক্তক্ষরণ নিয়ে গত আট দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ছেন। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

    এ ঘটনায় ছয়জন অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসায়ীসহ ১০ জনের নাম উল্লেখ করে আদিতমারী থানায় মামলা করা হয়েছে। তবে মামলা হওয়ার সাত দিন পরও কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি বলে পরিবারের অভিযোগ।

    আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব সজিব জানান, আহত শিক্ষকের বাবা ছয়জনকে আসামি করে মামলা করেছেন। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।