চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে বা তারা পরিবারের কাছে ফিরে এসেছে। এখনো নিখোঁজ রয়েছে ২ হাজার ৩৮ জন।
পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, সাত মাসে নিখোঁজ শিশুদের প্রায় ৮৭ শতাংশই উদ্ধার হয়েছে। শিশু নিখোঁজের জিডি সংক্রান্ত এই পরিসংখ্যান বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়।
পুলিশ জানায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শূন্য থেকে নয় বছর বয়সী শিশু নিখোঁজের ঘটনায় ৪৭৪টি জিডি হয়েছে। এর মধ্যে ৪০৬ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৬৮ জন এখনো নিখোঁজ রয়েছে। অন্যদিকে, ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের ক্ষেত্রে শিশু নিখোঁজের জিডি হয়েছে ১৫ হাজার ২৪৩টি। তাদের মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১ হাজার ৯৭০ জন এখনো উদ্ধার হয়নি।
পুলিশ সদরদপ্তর জানিয়েছে, ছোট শিশুরা সাধারণত পরিবারের সঙ্গে অপরিচিত স্থানে গিয়ে পথ হারানো, নিজের নাম-ঠিকানা বলতে না পারা কিংবা একা বাড়ি ফেরার সময় অন্যত্র চলে যাওয়ার কারণে নিখোঁজ হয়। এ ছাড়া কিশোর-কিশোরীদের ক্ষেত্রে পারিবারিক কলহ, পড়ালেখার চাপ, অভিমান, বন্ধু বা সহপাঠীদের প্রভাব এবং স্বাধীনভাবে জীবনযাপনের আকাঙ্ক্ষাসহ বিভিন্ন কারণ পাওয়া গেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অনলাইন জিডি সুবিধা চালুর ফলে সাধারণ ডায়েরি করা সহজ হয়েছে এবং শিশু নিখোঁজের জিডিসহ বিভিন্ন ধরনের জিডির সংখ্যা বেড়েছে। ২০২৩ সালে নিখোঁজ সংক্রান্ত জিডি ছিল ১৭ হাজার ৮০৮টি, ২০২৪ সালে ১৬ হাজার ৪১৪টি এবং ২০২৫ সালে ২২ হাজার ৫৫০টি।
পুলিশ সদরদপ্তর জানিয়েছে, গণমাধ্যমে প্রকাশিত নিখোঁজের সংখ্যার পাশাপাশি কতজন উদ্ধার হয়েছে বা পরিবারের কাছে ফিরে এসেছে, সেই তথ্যও বিবেচনায় নেওয়া প্রয়োজন। এ কারণে শিশু নিখোঁজের জিডি সংক্রান্ত তথ্য স্থানীয় থানার মাধ্যমে যাচাই করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে শিশু নিখোঁজের জিডি হওয়া ১৫ হাজার ৭১৭ জনের মধ্যে ১৩ হাজার ৬৭৯ জন উদ্ধার বা পরিবারের কাছে ফিরে এসেছে। বাকি ২ হাজার ৩৮ জনকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: শিক্ষা সংবাদ















