উগান্ডার জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও এসসি ভিলার অধিনায়ক ডেভিড ওওরি দুর্বৃত্তদের হামলায় আহত হওয়ার দুই দিন পর মারা গেছেন। তার মৃত্যুতে উগান্ডার ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানী কাম্পালার একটি উপশহরে অজ্ঞাত হামলাকারীদের আক্রমণে গুরুতর আহত হন ডেভিড ওওরি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উগান্ডা ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, ডেভিড ওওরি শুধু একজন দক্ষ ফুটবলারই ছিলেন না, তিনি ছিলেন একজন অনুপ্রেরণাদায়ী অধিনায়ক, যিনি তরুণ খেলোয়াড়দের জন্য আদর্শ ছিলেন।
সম্প্রতি উগান্ডার ক্রীড়াঙ্গনে সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। কয়েক সপ্তাহ আগেই রাগবি জাতীয় দলের খেলোয়াড় সিডনি গঙ্গোদিও হামলায় নিহত হন। এসব ঘটনার পর ডেভিড ওওরি-র মৃত্যু নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
উল্লেখ্য, ডেভিড ওওরি-র নেতৃত্বেই গত মৌসুমে ২০ বছরের শিরোপাখরা কাটিয়ে উগান্ডা প্রিমিয়ার লিগের শিরোপা জেতে এসসি ভিলা। এটি ছিল ক্লাবটির ইতিহাসে রেকর্ড ১৭তম লিগ শিরোপা।
আরও আন্তর্জাতিক খবর পড়ুন: আন্তর্জাতিক সংবাদ
আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community















