ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগের মামলার পরিপ্রেক্ষিতে ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসনে বিএনপির জয়ী প্রার্থী ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট এবং অন্যান্য নির্বাচনি সরঞ্জামাদি নির্বাচন কমিশনের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ মামলাটি শুনানির জন্য গ্রহণ করে এ আদেশ দেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। একই সঙ্গে ঢাকা-১৩ ছাড়াও গাইবান্ধা-৫, ঢাকা-৫, পাবনা-৩ এবং কুষ্টিয়া-৪ আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট ও অন্যান্য নির্বাচনি সরঞ্জামাদি নির্বাচন কমিশনের হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ২৫টিরও বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেন। এসব আবেদন শুনানির জন্য গ্রহণ করে সংশ্লিষ্ট আসনের ব্যালটসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দেন আদালত।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে দায়ের করা আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।















