✍️ বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যার যে দায়িত্ব রয়েছে, তার বাইরে যেন কেউ মন্তব্য না করেন। গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকা এবং চলনে–বলনে মার্জিত থাকার জন্য মন্ত্রী ও সংসদ সদস্যদের পরামর্শ দেন তিনি।
বুধবার জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় তিনি এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী বিএনপির নেওয়া জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি এবং সামনের দিনগুলোতে করণীয় বিষয়ে মন্ত্রী ও সংসদ সদস্যদের দিকনির্দেশনা দেন।
সভায় বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমাদের ফ্যামিলি কার্ড নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু ভোটের আঙুলের কালির দাগ মোছার আগেই আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। এটাই বিএনপি, আর এই বিএনপিকেই মানুষ দেখতে চায়।’
তিনি আরও জানান, দ্রুত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করা হবে। ডেঙ্গুর মৌসুম সামনে রেখে পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার জন্য সবাইকে সতর্ক করেন তিনি।
জুলাই জাতীয় সনদের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সনদের কিছু বিষয়ে বিভিন্ন পক্ষের ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। সরকার যেসব বিষয় বাস্তবায়নযোগ্য, সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে।
সভায় জাতীয় সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের দায়িত্ব সংসদ নেতা তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়। বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের অধিবেশন শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের কথা রয়েছে। সভায় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্বাগত বক্তব্য দেন এবং বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বক্তব্য দেন। এতে বিএনপির ২০৯ জন সংসদ সদস্য অংশ নেন।
#গ্রীনঅনলাইন #GreenOnline #বাংলাদেশ #রাজনীতি #সংসদ















