পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো টি-টোয়েন্টি বোলারদের আইসিসি র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। সর্বশেষ র্যাংকিংয়ে আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানকে পেছনে ফেলেছেন আবরার আহমেদ।
আবরারের রেটিং পয়েন্ট ৭৩৬, আর রশিদ খানের ৭৩৫। মাত্র এক রেটিং পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান দখল করেছেন আবরার আহমেদ। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা এক ধাপ এগিয়ে তৃতীয় এবং ইংল্যান্ডের আদিল রশিদ চতুর্থ স্থানে রয়েছেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, প্রায় সাত মাস পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি না খেলেই র্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন আবরার আহমেদ। অন্যদিকে ভারতের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে রশিদ খান তিন ম্যাচে চার উইকেট নেন এবং ওভারপ্রতি ৯.৮২ রান দেন। এর প্রভাব পড়েছে তার রেটিংয়ে।
এই অর্জনের মাধ্যমে পাকিস্তানের পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে উঠলেন আবরার আহমেদ। এর আগে উমর গুল, সাঈদ আজমল, ইমাদ ওয়াসিম ও শহীদ আফ্রিদি পাকিস্তানের হয়ে এই কীর্তি গড়েছেন।
ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষে আছেন ভারতের ঈশান কিষান। দুইয়ে অভিষেক শর্মা এবং তিনে পাকিস্তানের সাহিবজাদা ফারহান। ইংল্যান্ডের হ্যারি ব্রুক পাঁচ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা চতুর্থ স্থানে উঠেছেন।
বাংলাদেশের কোনো ক্রিকেটার ব্যাটার ও বোলারদের শীর্ষ দশে নেই। ব্যাটারদের মধ্যে তানজিদ তামিম ১৭তম এবং বোলারদের তালিকায় নাসুম আহমেদ ১২তম স্থানে আছেন।
আরও খেলাধুলার খবর পড়ুন: আন্তর্জাতিক সংবাদ
Read & Join us: YouTube Community















