সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত বিষয়ে বাইরের ব্যক্তি বা প্রভাবশালী মহলের মাধ্যমে তদবির করাকে অসদাচরণ হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি চাকরিতে তদবির করলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।
মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ শাখা থেকে সম্প্রতি জারি করা এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে। উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পত্রে সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত বিষয়ে তদবির বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।
তদবির করলে বিভাগীয় ব্যবস্থা
পত্রে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের কেউ কেউ চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তদবিরের জন্য বিভিন্ন পর্যায়ের ব্যক্তি বা ব্যক্তিবর্গকে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে পাঠাচ্ছেন। মন্ত্রিপরিষদ বিভাগের মতে, এ ধরনের সরকারি চাকরিতে তদবির সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ২০-এর সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) অনুযায়ী এটি অসদাচরণ হিসেবে গণ্য হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী তার পক্ষে অন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গের মাধ্যমে চাকরি সংক্রান্ত বিষয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করালে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। তদবিরের বিষয়টি বিস্তারিতভাবে সংশ্লিষ্ট কর্মচারীর ডোসিয়ারে সংরক্ষণ করতে হবে।
আবেদনের সুযোগ থাকছে
তবে চাকরি সংক্রান্ত বিষয়ে যথাযথ নিয়মে আবেদন করার সুযোগ সরকারি কর্মচারীদের রয়েছে। কোনো কর্মচারী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়, বিভাগ বা কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন। এ ধরনের আবেদন পাওয়ার পর নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়কে সর্বোচ্চ এক মাসের মধ্যে যৌক্তিকভাবে তা নিষ্পত্তি করতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের নিয়ন্ত্রণাধীন দপ্তর ও সংস্থায় এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়েছে। পত্রটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠানো হয়েছে। ফলে সরকারি চাকরিতে তদবির বন্ধে প্রশাসনিক পর্যায়ে আরও কঠোরতা আসছে।
সরকারি চাকরি ও নিয়োগ সংক্রান্ত আরও খবর পড়ুন: শিক্ষা সংবাদ
আপডেট পেতে যুক্ত থাকুন: YouTube Community















