মুচলেকার দাবি ‘অপপ্রচার’, ইজতেমার তারিখ ঘোষণার দাবি নিজামুদ্দিনপন্থীদের

০
১৫৯
নিজামুদ্দিনপন্থী তাবলীগ জামাত বাংলাদেশ ইজতেমা মুচলেকা দাবি Tabligh Jamaat Ijtema
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • ২০২৫ সালের পর টঙ্গীর ইজতেমা ময়দানে ইজতেমা না করার বিষয়ে নিজামুদ্দিনপন্থীরা কোনো মুচলেকা দেয়নি বলে দাবি করেছে তাবলীগ জামাত বাংলাদেশ। সংগঠনটির দাবি, মুচলেকার কথা বলে অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে টঙ্গী ময়দানে ইজতেমা আয়োজনের বাধা বন্ধসহ সাত দফা দাবি জানিয়েছে তারা।

    রোববার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি জানান তাবলীগ জামাত বাংলাদেশের সাথি শফিক বিন নাঈম। তিনি বলেন, ইজতেমা ময়দানের মালামাল বুঝে নেওয়ার জন্য নিজামুদ্দিন অনুসারীদের পক্ষ থেকে দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা পরবর্তী বছর থেকে টঙ্গী ময়দানে ইজতেমা না করার বিষয়ে কোনো মুচলেকা দেননি।

    শফিক বিন নাঈমের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারির পত্রেও এ ধরনের কোনো শর্ত রাখা হয়নি। এর আগে ২৭ জানুয়ারির পত্রে পরবর্তী ইজতেমা না করার শর্ত উল্লেখ করা হলেও নিজামুদ্দিন অনুসারীরা তাতে সম্মতি দেননি এবং ২৮ জানুয়ারি লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছিল।

    সংবাদ সম্মেলনে ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গী ময়দানে সংঘটিত হতাহতের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষ হওয়ার আগে কোনো পক্ষকে দোষী সাব্যস্ত করে চাপ প্রয়োগ না করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মাওলানা সা’দকে নিয়ে উত্থাপিত অভিযোগের বিষয়ে তথ্যভিত্তিক আলোচনার প্রস্তাবও দেওয়া হয়।

    তাবলীগ জামাত বাংলাদেশের পক্ষ থেকে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সা’দ অনুসারীদের আগামী ইজতেমার তারিখ দ্রুত ঘোষণা করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ময়দানটি সরকারি নিয়ন্ত্রণে নিয়ে উভয় পক্ষকে সমানভাবে ব্যবহারের সুযোগ দেওয়ার দাবি করা হয়।

    তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে কাকরাইল মসজিদ বুঝিয়ে দেওয়া, দেশের সব মসজিদে বাধাহীনভাবে দাওয়াত ও তাবলিগের কার্যক্রম পরিচালনার সুযোগ নিশ্চিত করা এবং মুচলেকা নিয়ে অপপ্রচার ও মিথ্যাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।

    এ ছাড়া জুবায়েরপন্থী পাঁচ ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগ তদন্ত এবং মাওলানা সা’দকে নিয়ে প্রচারিত অভিযোগের সত্যতা যাচাইয়ের দাবিও জানিয়েছে সংগঠনটি। সমালোচকদের সঙ্গে যুক্তিসংগত ও তথ্যভিত্তিক আলোচনায় বসতে তারা প্রস্তুত বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

    আরও পড়ুন: জাতীয় | ধর্ম

    YouTube Community: GreenOnlineBD

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।