১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হলে শিল্প খাতের লোডশেডিং সংকট অনেকাংশে কমে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি স্টোরেজ সুবিধা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
শনিবার (২২ আগস্ট) সিলেটে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, দেশে প্রতিদিন সাড়ে তিন থেকে চার ঘণ্টা সৌরশক্তির সর্বোত্তম ব্যবহার করা সম্ভব। স্টোরেজ সুবিধা থাকলে সন্ধ্যার পিক আওয়ারেও এই বিদ্যুৎ কাজে লাগানো যাবে।
মন্ত্রী বলেন, সরকারের নির্ধারিত ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হলে শিল্প খাতের বিদ্যুৎ সংকট অনেকাংশে কেটে যাবে। পাশাপাশি শিল্প প্লটে গ্যাসের বিকল্প জ্বালানি হিসেবে ধানের তুষ ও কয়লা ব্যবহারের একটি রূপরেখা তৈরির কাজ চলছে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জাতীয় অর্থনীতিতে ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্প বা সিএমএসএমই খাতের অবদান বর্তমানে প্রায় ৩৪ শতাংশ। এই অবদান ৫০ শতাংশে উন্নীত করাই সরকারের লক্ষ্য। পরিবেশবান্ধব ও স্বল্প বিনিয়োগের উদ্যোক্তাদেরও অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এদিকে ভারত ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধিদের বাংলাদেশে বিনিয়োগের আগ্রহের কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে বিভিন্ন প্রস্তাব বিবেচনা করছে সরকার। শিল্প খাতের স্থিতিশীলতার জন্য সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং বিকল্প জ্বালানির ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানান তিনি।
আরও পড়ুন: শিক্ষা সংবাদ
আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community















