বিশ্ববাজারে সোনার দাম আরও বেড়েছে। মার্কিন ডলারের দরপতন এবং আগামী মাসে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৯৮ দশমিক ৫৮ ডলারে পৌঁছেছে। গত সপ্তাহেও বিশ্ববাজারে সোনার দাম বেড়ে দুই মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।
একই সময়ে আগামী ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন সোনার ফিউচার চুক্তির দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৫৫ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্বের বিভিন্ন মুদ্রার বিপরীতে ডলারের মান নির্ধারণকারী ডলার সূচক ০.২ শতাংশ কমেছে। ডলার দুর্বল হওয়ায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য সোনা কেনা তুলনামূলকভাবে সাশ্রয়ী হচ্ছে।
বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধির পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। রুপার দাম ১.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৫ দশমিক ৬১ ডলার, প্লাটিনামের দাম ০.৭ শতাংশ বেড়ে ১ হাজার ৭৫৯ দশমিক ৭২ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.৬ শতাংশ বেড়ে ১ হাজার ৩৩৩ দশমিক ২৫ ডলারে উঠেছে।
এদিকে বাংলাদেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।
আরও পড়ুন: আন্তর্জাতিক সংবাদ
আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community















