খুলনার রূপসা উপজেলায় ইটভাটার ভেতরে ঢুকে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম ফখরুল শেখ (৩৫)। তিনি নৈহাটি গ্রামের বাসিন্দা এবং রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা ছিলেন।
মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিকস ইটভাটায় এ ঘটনা ঘটে। যুবদল কর্মী হত্যা ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা থানার ওসি আবদুর রাজ্জাক মীর।
স্বজনরা জানান, ইটভাটাটি ফখরুলদের। বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য তিনি মাঝেমধ্যে রাতে সেখানে পাহারা দিতেন। ঘটনার রাতেও তিনি ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন।
স্থানীয়দের ভাষ্য, রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ইটভাটায় প্রবেশ করে ফখরুলকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যুবদল কর্মী হত্যা ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তবে কারা এবং কী কারণে ফখরুলকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে, পূর্ববিরোধ, রাজনৈতিক বিরোধ নাকি অন্য কোনো কারণ—তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। যুবদল কর্মী হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে পরিবার।
রূপসা থানার ওসি আবদুর রাজ্জাক মীর জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ বের করার চেষ্টা চলছে। যুবদল কর্মী হত্যা নিয়ে পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।















