নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকাসহ দেশের তিন শহরে বিশেষ মহিলা বাস সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আজ মঙ্গলবার সকাল ১০টায় তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
উদ্বোধনের দিন বিকেলে যাত্রী পাওয়া সাপেক্ষে বাস চলাচল শুরু হবে। বুধবার থেকে নিয়মিতভাবে নারী বাস সার্ভিস চালু হবে। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ছাড়াও চট্টগ্রাম ও বগুড়ায় এই বিশেষ পরিবহন সেবা চালু করা হচ্ছে।
বিআরটিসি সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন ডিপোর অধীনে একাধিক রুটে নারী বাস সার্ভিস চলবে। মতিঝিল, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, কল্যাণপুর, মিরপুর ও জোয়ারসাহারা ডিপো থেকে বিভিন্ন রুটে বাস চলাচল করবে।
এ ছাড়া গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এবং চট্টগ্রামে কালুরঘাট থেকে পতেঙ্গা ও লালখান বাজারমুখী বিভিন্ন রুটেও বাস চলবে। বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটেও দুটি বাস চলাচল করবে। ফলে নারী বাস সার্ভিস ব্যবহার করে বিভিন্ন এলাকার নারীরা তুলনামূলক স্বাচ্ছন্দ্যে যাতায়াতের সুযোগ পাবেন।
বিআরটিসির এই উদ্যোগের লক্ষ্য নারীদের গণপরিবহনে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করা। নতুন নারী বাস সার্ভিস চালুর মাধ্যমে গণপরিবহনে নারীদের জন্য আলাদা সুবিধা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: শিক্ষা সংবাদ
Read & Join us: YouTube Community















