রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় বৈঠকের পর রবিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তাঁর জামাতা জ্যারেড কুশনার।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, কিয়েভে তাদের সফর শুরু হয়েছে। এর আগে শনিবার মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠকে যুদ্ধের অবসানে পরবর্তী পদক্ষেপ নিয়ে ‘গুরুত্বপূর্ণ পরিকল্পনা’ আলোচনা করেন দুই মার্কিন দূত। হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়ার পর ইউক্রেনেও সমানভাবে ফলপ্রসূ আলোচনা হবে বলে তারা আশা করছে।
তবে আলোচনায় থাকা পরিকল্পনায় ঠিক কী রয়েছে, তা এখনো স্পষ্ট নয়। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতার প্রচেষ্টা জোরদারের অংশ হিসেবেই এই সফরকে দেখা হচ্ছে।
ট্রাম্প প্রশাসনের শীর্ষ আলোচকদের জন্য এটি ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রথম সফর। যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে।
এদিকে যুদ্ধের উত্তেজনার মধ্যেই রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্ট নিজ নিজ রাজধানীতে পারস্পরিক হামলা তিন দিনের জন্য বন্ধ রাখার বিষয়ে সম্মত হয়েছেন। এই সাময়িক বিরতি ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনায় নতুন সম্ভাবনা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে অন্যান্য ফ্রন্টে সংঘাত অব্যাহত রয়েছে।
ভূখণ্ড, নিরাপত্তার নিশ্চয়তা এবং ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে রাশিয়া ও ইউক্রেনের মতপার্থক্য এখনো বড় বাধা হয়ে রয়েছে। ফলে ইউক্রেন যুদ্ধ অবসানে কূটনৈতিক প্রচেষ্টা এগোলেও সমঝোতায় পৌঁছাতে আরও কঠিন আলোচনা প্রয়োজন হতে পারে।
আরও পড়ুন: আন্তর্জাতিক সংবাদ
Read & Join us: YouTube Community















