চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল একেবারে হাতের নাগালে। জীবনের শেষ ফাইনাল প্রফেশনাল পরীক্ষাও শেষ করেছিলেন সফলভাবে। কিন্তু ফল প্রকাশের আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন শরীয়তপুরের মনোয়ারা সিকদার মেডিকেল কলেজের শিক্ষার্থী সুরাইয়া নাজরিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্র জানায়, মৃত্যুর মাত্র একদিন আগে তিনি শেষ প্রফেশনাল পরীক্ষায় অংশ নেন। দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়ায় আক্রান্ত থাকলেও নিয়মিত চিকিৎসা ও রক্ত গ্রহণের মাধ্যমে নিজের পড়াশোনা চালিয়ে গেছেন।
সহপাঠীদের ভাষ্য, অসুস্থতা কখনোই তার স্বপ্নকে থামাতে পারেনি। প্রথম বর্ষ থেকে প্রতিটি প্রফেশনাল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে শেষ ধাপও সম্পন্ন করেছিলেন। আর মাত্র কয়েক সপ্তাহ পরই নামের আগে যুক্ত হওয়ার কথা ছিল ‘ডা.’ উপাধি।
সুরাইয়ার অকাল মৃত্যু সহপাঠী, শিক্ষক ও স্বজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে। তার জীবনসংগ্রাম অনেকের কাছেই অনুপ্রেরণার হয়ে থাকবে।









