আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজার ৫৪২ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ৬ থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ২১৬ জন আবাসন আইন, ৩ হাজার ৮৪৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৪৮৩ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন। একই সময়ে প্রায় ১৩ হাজার ব্যক্তিকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৪৫৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬৭ শতাংশ ইথিওপিয়ার, ৩২ শতাংশ ইয়েমেনের এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অবৈধভাবে সৌদি আরব থেকে বের হওয়ার চেষ্টার সময় আরও ১৯ জনকে আটক করা হয়।
অভিযানের মাধ্যমে সৌদি আরবে প্রবাসী গ্রেপ্তার ও বহিষ্কারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশটির কর্তৃপক্ষ অবৈধ অভিবাসন ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধভাবে কাউকে দেশে প্রবেশে সহায়তা, পরিবহন বা আশ্রয় দেওয়া কিংবা এ ধরনের ব্যক্তিদের অন্য কোনো সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এ কাজে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তিও বাজেয়াপ্ত হতে পারে।
প্রবাসীদের জন্য সৌদি আরবের আবাসন, শ্রম ও সীমান্তসংক্রান্ত আইন মেনে চলার ওপরও গুরুত্ব দিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: আন্তর্জাতিক সংবাদ
আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community















