মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক উদ্যোগে যুক্তরাজ্যের অব্যাহত সমর্থন চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রবিবার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। রোহিঙ্গা প্রত্যাবাসন সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্পৃক্ততা অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন হুমায়ুন কবির। মিয়ানমারে রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে ফেরার উপযোগী নিরাপদ পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক প্রচেষ্টায় যুক্তরাজ্যের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
জবাবে ব্রিটিশ হাইকমিশনার জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমারবিষয়ক পেনহোল্ডার হিসেবে যুক্তরাজ্য তার নেতৃত্বের ভূমিকা অব্যাহত রাখবে। আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুটিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরতেও লন্ডন কাজ করবে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের প্রত্যাশার বিষয়ে যুক্তরাজ্যের এ অবস্থান গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বৈঠকে বাংলাদেশ-যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্ক ও দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান যোগাযোগের বিষয়টি সন্তোষের সঙ্গে উল্লেখ করা হয়। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশের বিমান চলাচল খাতে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া শিক্ষা, অভিবাসন ও মানুষের চলাচল, দক্ষতা উন্নয়ন এবং নিরাপত্তাসহ বিভিন্ন অগ্রাধিকার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা। রোহিঙ্গা প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে সহযোগিতা জোরদারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।
আরও পড়ুন: আন্তর্জাতিক সংবাদ
আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community















