প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের বৃত্তির অর্থের হার নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রাথমিক বৃত্তির টাকা ট্যালেন্টপুল ও সাধারণ—দুই ক্যাটাগরিতে দেওয়া হবে।
ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবে। অন্যদিকে, সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ২২৫ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবে। প্রাথমিক বৃত্তির টাকা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী তিন বছরের জন্য কার্যকর হবে।
রবিবার (৩০ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে বৃত্তির অর্থের হার ও শর্ত জানানো হয়। বৃত্তির অর্থ অব্যাহত রাখতে শিক্ষার্থীদের সদাচরণ, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি এবং সন্তোষজনকভাবে পাঠগ্রহণের মতো শর্ত পূরণ করতে হবে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিনা বেতনে সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে। তবে অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি না হলে প্রাথমিক বৃত্তির টাকা পাওয়ার যোগ্যতা থাকবে না। অনুমোদিত প্রতিষ্ঠানে অধ্যয়নকালে পাঠ-বিরতি বা ‘ব্রেক অব স্টাডি’ থাকলেও তা হিসাবের মধ্যে ধরা হবে।
শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে প্রাথমিক বৃত্তির টাকা পাঠানো হবে। এজন্য অনলাইন মুদ্রণব্যাংক প্ল্যাটফর্মভুক্ত যেকোনো ব্যাংকে হিসাব খুলে প্রয়োজনীয় তথ্য বিদ্যালয় ও প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে। সরকারি শর্ত ভঙ্গ হলে বৃত্তি স্থগিত বা বাতিলও হতে পারে।
আরও পড়ুন: শিক্ষা সংবাদ
আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community












