শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পিরোজপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।
বুধবার দুপুরে টাউন ক্লাব সড়ক থেকে শুরু হওয়া মিছিলটি সরকারি সোহরাওয়ার্দী কলেজ এলাকা, টাউন ক্লাব রোড ও হাসপাতাল রোড প্রদক্ষিণ করে সিও অফিস গোলচত্বরে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা কিছু সময় সড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বৃষ্টি শুরু হলেও তারা কর্মসূচি অব্যাহত রাখেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষাখাতে অনিয়ম, দুর্নীতি ও নীতিগত ব্যর্থতার কারণে শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শিক্ষার্থীরা বলেন, সাম্প্রতিক ঘটনাবলীর দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে এবং শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার দ্রুত বাস্তবায়ন করতে হবে। তারা আরও জানান, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়; বরং শিক্ষার্থীদের অধিকার ও মানসম্মত শিক্ষা নিশ্চিতের দাবিতে শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
তাদের দাবি, সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের মতে, শিক্ষা খাতে জবাবদিহিতা ও সংস্কার নিশ্চিত করতে সড়ক অবরোধসহ শান্তিপূর্ণ কর্মসূচি চলবে।
আরও শিক্ষা সংবাদ পড়ুন:
https://greenonline.bd/tag/শিক্ষা-সংবাদ
আপডেট পেতে আমাদের YouTube কমিউনিটিতে যুক্ত থাকুন:
https://www.youtube.com/@GreenOnlineBD/posts















