বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা আজ বুধবার (১ জুলাই) থেকে কার্যকর হয়েছে। ফলে চলতি মাসের বেতন থেকেই তারা বর্ধিত হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরে প্রথম ধাপে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়ি ভাড়া কার্যকর করা হয়েছিল। চলতি ২০২৬-২৭ অর্থবছর থেকে অতিরিক্ত আরও ৭ দশমিক ৫ শতাংশ যুক্ত হওয়ায় মোট বাড়ি ভাড়া ভাতা এখন ১৫ শতাংশে উন্নীত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, বিষয়টি আগেই অনুমোদিত হওয়ায় জুলাই মাস থেকেই নতুন হারে ভাতা প্রদান করা হবে। এতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরাসরি আর্থিক সুবিধা পাবেন।
অর্থ মন্ত্রণালয়ের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী দুই ধাপে বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়েছে। প্রথম ধাপ কার্যকর হয়েছিল ২০২৫ সালের ১ নভেম্বর এবং দ্বিতীয় ধাপ ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হলো।
সরকারের এই সিদ্ধান্তে দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের একটি দাবি বাস্তবায়ন হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।















