রাশিয়ার প্রখ্যাত জ্যাজশিল্পী ইগর বুটম্যানের নেতৃত্বে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ জ্যাজশিল্পীদের নিয়ে গঠিত ‘ওয়ার্ল্ড ইয়ুথ জ্যাজ টিম’ আন্তর্জাতিক যুব উৎসবে বিশেষ পরিবেশনা দিয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গের চাইকোভস্কি কনসার্ট হলে অনুষ্ঠিত হয় ইগর বুটম্যান ও তরুণ শিল্পীদের গালা কনসার্ট।
এতে রাশিয়া, চীন, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, বেলারুশ, কিউবা, উজবেকিস্তান, আর্মেনিয়া ও কাজাখস্তানের শিল্পীরা অংশ নেন। বিভিন্ন দেশের শিল্পীদের সম্মিলিত পরিবেশনায় উঠে আসে আন্তর্জাতিক যুব জ্যাজ আয়োজনের বৈচিত্র্য ও জ্যাজের অভিন্ন ভাষা।
ইগর বুটম্যান জানান, এ ধরনের আন্তর্জাতিক দল নিয়ে কাজ করার অভিজ্ঞতা তাদের জন্য প্রথম। তার আশা, উদ্যোগটি নতুন বন্ধুত্ব ও সৃজনশীল বিনিময়ের পথ তৈরি করবে। তিনি বলেন, দলের প্রতিটি শিল্পীর নিজস্ব পরিবেশনাশৈলী রয়েছে এবং এই বৈচিত্র্যই দলটিকে আরও শক্তিশালী করেছে।
কনসার্টে বুটম্যানের পরিচালনায় রাশিয়ার মস্কো জ্যাজ অর্কেস্ট্রা অংশ নেয়। তাদের সঙ্গে পরিবেশন করেন চীনের পিয়ানোবাদক এ বু, তুরস্কের কণ্ঠশিল্পী আইয়ুল এরগেল, দক্ষিণ আফ্রিকার কণ্ঠশিল্পী জো মোদিগা, উজবেকিস্তানের স্যাক্সোফোনবাদক দোনিয়োর রিজায়েভ, আর্মেনিয়ার ট্রাম্পেটবাদক তিগরান আরুতিউনিয়ান, কাজাখস্তানের ট্রাম্পেটবাদক সাতেন নুরমুখামেদ ও বেলারুশের স্যাক্সোফোনবাদক ম্যাক্সিম বাখার।
তরুণ শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বুটম্যান বলেন, নতুন কিছু করার প্রতি তরুণ সংগীতশিল্পীদের আগ্রহ প্রবল। তাদের সঙ্গে বাজানো সব সময় আনন্দদায়ক ও রোমাঞ্চকর। তিনি আরও বলেন, কনসার্টে অংশ নেওয়া শিল্পীরা বয়সে তরুণ হলেও শিক্ষানবিশ নন; তারা নিজ নিজ ক্ষেত্রে ইতিমধ্যে প্রতিষ্ঠিত।
কনসার্টে প্রচলিত জ্যাজের পাশাপাশি বিভিন্ন দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত সুরও পরিবেশন করা হয়। রুশ সুরকার মদেস্ত মুসর্গস্কির অপেরা ‘খোভানশ্চিনা’র একটি সুরের ওপর তাৎক্ষণিক জ্যাজ ইম্প্রোভাইজেশন করা হয়। এ ছাড়া ‘দ্য অ্যাডভেঞ্চার্স অব বুরাতিনো’ চলচ্চিত্রের বুরাতিনোর গানও পরিবেশন করা হয়।
অংশগ্রহণকারী শিল্পীরা নিজেদের দেশের সংগীত ঐতিহ্যের ছোঁয়া থাকা মৌলিক রচনাও পরিবেশন করেন। দক্ষিণ আফ্রিকার গায়িকা জো মোদিগা অনুষ্ঠানের জন্য নারীর অধিকার নিয়ে একটি বিশেষ গান তৈরি করেন। চীনের পিয়ানোবাদক এ বু জানান, রাশিয়ায় এটি তার ষষ্ঠ পরিবেশনা এবং মস্কোর বাইরে এবারই প্রথম।
জ্যাজের ভবিষ্যৎ নিয়ে বুটম্যান বলেন, একসময় কেউ কেউ এই সংগীতধারার অবসানের পূর্বাভাস দিয়েছিলেন। কিন্তু বাস্তবে আরও বেশি সংগীতশিল্পী জ্যাজে আসছেন এবং বিভিন্ন দেশে জ্যাজ উৎসবের সংখ্যাও বাড়ছে। তার মতে, তরুণদের এ ধারায় যুক্ত হওয়া গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক যুব উৎসবের অংশ হিসেবে কনসার্টের আগের দিন অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় সভাতেও অংশ নেন বুটম্যান। সেখানে সোভিয়েত ও রুশ জ্যাজের ইতিহাস, সমসাময়িক জ্যাজ এবং তরুণদের এই সংগীতধারায় আকৃষ্ট করার বিষয় নিয়ে আলোচনা হয়।
২০২৬ সালের আন্তর্জাতিক যুব উৎসব ১১ থেকে ১৭ সেপ্টেম্বর রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গে অনুষ্ঠিত হচ্ছে। ‘স্বপ্নকে অনুসরণ করো’ স্লোগানে আয়োজিত উৎসবে বিশ্বের ১৯১টি দেশের ১০ হাজার তরুণ নেতা অংশ নিয়েছেন। আন্তর্জাতিক যুব জ্যাজ দলের এই পরিবেশনা উৎসবের সাংস্কৃতিক আয়োজনকে আরও বৈচিত্র্যময় করেছে।
আন্তর্জাতিক অঙ্গনের আরও খবর পড়ুন: আন্তর্জাতিক সংবাদ।















