ক্যান্টন ফেয়ারে অংশ নিতে বাংলাদেশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে চীন। আসন্ন ১৪০তম চীন আমদানি ও রপ্তানি মেলায় বাংলাদেশি আবেদনকারীদের অংশগ্রহণ সহজ করতে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস বিশেষ ভিসা সুবিধার ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চীনা দূতাবাস। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তিন ধাপে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কুয়াংতুংয়ের রাজধানী গুয়াংঝুতে ১৪০তম ক্যান্টন ফেয়ার অনুষ্ঠিত হবে।
বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী ও দর্শনার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই মেলায় অংশ নিতে আগ্রহী বাংলাদেশি আবেদনকারীদের জন্য বিশেষ ভিসা সুবিধা চালু করা হয়েছে। তবে ভিসার আবেদন করার ক্ষেত্রে মেলা কর্তৃপক্ষের দেওয়া আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।
চীনা ভিসা প্রক্রিয়া সহজ করতে আবেদনকারীদের আগের ভিসা, ভ্রমণের রেকর্ড এবং নিজস্ব প্রতিষ্ঠানের গ্যারান্টি লেটার অনলাইন আবেদনের সঙ্গে আপলোড করার পরামর্শ দিয়েছে দূতাবাস। তবে গ্যারান্টি লেটারকে ঐচ্ছিক নথি হিসেবে উল্লেখ করা হয়েছে।
অসম্পূর্ণ বা ভুল তথ্যযুক্ত আবেদন সরাসরি ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে দূতাবাস। ভিসা প্রক্রিয়ায় বিলম্ব ও ভ্রমণ পরিকল্পনায় বিঘ্ন এড়াতে অনলাইন আবেদনপত্র সঠিক তথ্য দিয়ে সতর্কতার সঙ্গে পূরণ করার আহ্বান জানানো হয়েছে।
আমন্ত্রণপত্র পরিবর্তন, মিথ্যা তথ্য প্রদান কিংবা জাল নথি জমা দিলে আবেদন স্থায়ীভাবে প্রত্যাখ্যান হতে পারে। একই সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা তৃতীয় পক্ষের এজেন্সির মাধ্যমে আবেদনপত্র পূরণ না করার জন্য সতর্ক করা হয়েছে।
ভিসাসংক্রান্ত সেবার জন্য কোনো এজেন্সি বা ব্যক্তিকে অনুমোদন দেওয়া হয়নি বলেও জানিয়েছে দূতাবাস। ‘নিশ্চিত ভিসা’, ‘ভিসা না হলে টাকা ফেরত’ বা ‘বিশেষ চ্যানেল’-এর মতো বিজ্ঞাপনে প্রলুব্ধ না হতে আবেদনকারীদের সতর্ক করা হয়েছে।
আইন অনুযায়ী চীনা ভিসার মেয়াদ ও চীনে প্রবেশের অনুমতি কেবল সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নির্ধারণ করবে। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কথিত প্রভাব কিংবা বিশেষ সুবিধার প্রতিশ্রুতিতে বিশ্বাস না করার পরামর্শ দিয়েছে দূতাবাস।
আইনানুগ ও স্বচ্ছ ভিসা সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছে চীনা দূতাবাস। কোনো কর্মকর্তা বা স্থানীয় কর্মী ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে প্রভাব বিস্তারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্বের আরও খবর পড়ুন আন্তর্জাতিক সংবাদ বিভাগে।















