নিষিদ্ধ রাসায়নিক ও ক্ষতিকর রং ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অভিযোগে বগুড়ার শেরপুরে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ফ্রিজে সংরক্ষিত বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম জব্দ করে জনসমক্ষে ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত শেরপুর উপজেলার বাগড়া কলোনি ও কুসুম্বি এলাকায় জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে ভেজাল আইসক্রিম তৈরির বিভিন্ন অনিয়মের তথ্য পাওয়া যায়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অনিবন্ধিত অবস্থায় আইসক্রিম তৈরি করে আসছিল। কারখানায় নিষিদ্ধ রাসায়নিক ঘনচিনি (সোডিয়াম সাইক্লামেট) ও ক্ষতিকর টেক্সটাইল রং ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। পাশাপাশি অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম ও কোন কাপ প্রস্তুত করা হচ্ছিল।
অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইনে কারখানার স্বত্বাধিকারী মো. শিহাব উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন। ভেজাল আইসক্রিম জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
অভিযানে বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, শেরপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় বগুড়া জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, প্রতিষ্ঠানটিকে সরকারি আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ভেজাল আইসক্রিম ও অনিরাপদ খাদ্য উৎপাদন ঠেকাতে নিয়মিত নজরদারির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: শিক্ষা সংবাদ
Read & Join us: YouTube Community















