২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদনের সুযোগ শেষ হচ্ছে আজ রবিবার (৮ নভেম্বর) দুপুর ১২টায়। গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রক্রিয়ার শেষ সময় প্রথমে শনিবার নির্ধারিত থাকলেও সার্ভার সমস্যার কারণে আবেদন করতে না পারা শিক্ষার্থীদের জন্য সময় বাড়ানো হয়।
শনিবার (৭ নভেম্বর) রাতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে ৭ নভেম্বর বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া বিঘ্নিত হয়।
এতে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে আবেদন করতে পারেননি। বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনের শেষ সময় ৭ নভেম্বর রাত ১২টার পরিবর্তে রবিবার (৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তাই এইচএসসি ফল পুনঃনিরীক্ষণ করতে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটি সূত্র জানিয়েছে, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন পরীক্ষার্থী ফল চ্যালেঞ্জ করেছেন। তারা মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।
গত বছর এইচএসসির ফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে ১ লাখ ৯৮ হাজার ১১৬ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। তারা ৫ লাখ ৮ হাজার ১১৬টি খাতা চ্যালেঞ্জ করেছিলেন। অর্থাৎ গত বছরের তুলনায় এবার আবেদনকারী ও চ্যালেঞ্জ করা খাতার সংখ্যা বেড়েছে।
গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ঘোষিত ফল অনুযায়ী, এবার পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ জন শিক্ষার্থী।
এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ২ লাখ ৯৮ হাজার ৪০ জন শিক্ষার্থী এক বিষয়ে এবং ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন। ফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য এইচএসসি ফল পুনঃনিরীক্ষণ আবেদনের সময়সীমা আজ দুপুর ১২টায় শেষ হচ্ছে।
আরও পড়ুন: শিক্ষা সংবাদ।
শিক্ষাবিষয়ক খবর ও আপডেট পেতে যুক্ত থাকুন: Green Online BD YouTube Community।















