পাবনার সাঁথিয়ায় কেমিক্যাল ও জেলিজাতীয় পদার্থ মিশিয়ে কৃত্রিম দুধ তৈরির অভিযোগে ‘জুই ডেইরি ফার্ম’ নামের একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে প্রতিষ্ঠানটির মালিক মো. মানিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়ার নাগডেমড়া এলাকায় প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করেন পাবনা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি।
অভিযানে প্রায় ২ হাজার ৫০০ লিটার ভেজাল দুধ এবং দুই ব্যারেল ক্ষতিকর জেলি জব্দ করা হয়। পরে জব্দ করা এসব পণ্য ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দুধের পরিমাণ ও ঘনত্ব কৃত্রিমভাবে বাড়াতে জেলি এবং দীর্ঘ সময় তাজা রাখার জন্য ক্ষতিকর হাইড্রোজেন পার-অক্সাইড ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। আইন লঙ্ঘন ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরির অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হয়। জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মাহমুদ আলম এবং আনসার ব্যাটালিয়নের একটি দল অভিযানে সহযোগিতা করে।
চিকিৎসকদের মতে, ক্ষতিকর উপাদান মেশানো ভেজাল দুধ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। নিয়মিত এ ধরনের পণ্য গ্রহণের ফলে বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে বলে তারা সতর্ক করেছেন।
খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকারসংক্রান্ত সর্বশেষ খবর জানতে ভোক্তা অধিকার বিষয়ক আপডেট দেখুন।
আরও খবর ও ভিডিও আপডেটের জন্য Green Online BD YouTube Community-তে যুক্ত থাকুন।















