মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, নদী-খাল, জলাশয় ও পুকুরে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত করার পাশাপাশি দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
রোববার (১৬ আগস্ট) সকালে সোনারগাঁ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মান্নান বলেন, বাংলাদেশের অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে সোনারগাঁয়ের মৎস্য চাষিরা মাছের উৎপাদন আরও বাড়াতে পারেন।
তিনি বলেন, মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য চাষ অনেক মানুষের জীবিকার প্রধান উৎস। তাই মৎস্যসম্পদে স্বনির্ভর বাংলাদেশ গড়তে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির সংরক্ষণ এবং চাষিদের আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত করা প্রয়োজন।
অনুষ্ঠানে সফল তিন মৎস্য চাষিকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। সেরা কার্প মিশ্র মৎস্য চাষি হিসেবে মঙ্গলেরগাঁওয়ের গাজী নাহিদুল ইসলাম ও দৌলতপুরের রমজান হোসেন এবং সেরা তেলাপিয়া চাষি হিসেবে কৃষ্ণপুরার মো. আফাজ উদ্দিনকে পুরস্কৃত করা হয়।
আলোচনা সভা শেষে উপজেলা চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এর মাধ্যমে মৎস্যসম্পদে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাছের উৎপাদন ও সংরক্ষণে গুরুত্ব দেওয়ার বার্তা দেওয়া হয়।
আরও পড়ুন: বাংলাদেশ
আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community















