দেশের শিক্ষা ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ ও বহুমাত্রিক করা হচ্ছে, যাতে উন্নয়ন শুধু রাজধানীকেন্দ্রিক না হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বৃহস্পতিবার (৪ জুন) মিরপুর ন্যাশনাল বাংলা স্কুল এন্ড কলেজে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, শিশু, কিশোর ও তরুণরাই আগামী বাংলাদেশের মূল শক্তি। সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সমানভাবে দক্ষ হয়ে উঠবে।
তিনি জানান, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ও সাঁতারের মতো খেলাধুলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসির কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
মাহদী আমিন বলেন, শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজির পাশাপাশি বিদেশি ভাষা শেখার সুযোগ পাবে, যাতে তারা বিশ্ব নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে।
তিনি আরও বলেন, খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের মাদক ও সামাজিক অনাচার থেকে দূরে রাখা সম্ভব। বর্তমান প্রজন্মই হবে আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর।
আরও পড়ুন: শিক্ষা সংবাদ
আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community















