দেশি-বিদেশি পর্যটক টানতে কক্সবাজারে তিন মাসের কার্নিভাল

০
১৩৭
কক্সবাজারে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল ২০২৬ আয়োজন
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে দেশের প্রধান পর্যটন গন্তব্য কক্সবাজারে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬। আগামী ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত হোটেল শৈবালের সমুদ্রসৈকত ও ঝাউবনসংলগ্ন বিস্তৃত প্রাঙ্গণে চলবে তিন মাসব্যাপী এই আয়োজন।

    বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের পরিচালনায় আয়োজিত কক্সবাজার পর্যটন কার্নিভাল-এ দিন ও রাতে পর্যটকদের জন্য থাকছে খাবার, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, অ্যাডভেঞ্চার ও পারিবারিক বিনোদনের নানা আয়োজন। বুধবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

    আয়োজকদের তথ্য অনুযায়ী, কক্সবাজারে দেশি পর্যটকের সংখ্যা বাড়লেও বিদেশি পর্যটকের সংখ্যা আশানুরূপ বাড়ছে না। সমুদ্রসৈকত উপভোগের পর বিশেষ করে সন্ধ্যার সময়ে বিনোদনের সুযোগ সীমিত থাকাও পর্যটকদের একটি অভিযোগ। এই বিষয়টি বিবেচনায় নিয়ে দিন-রাতের বিভিন্ন কার্যক্রমের সমন্বয়ে কার্নিভালের উদ্যোগ নেওয়া হয়েছে।

    কার্নিভালে থাকবে ফুড জোন, মার্কেট জোন ও ক্র্যাফট ভিলেজ, ওয়েলনেস জোন, কিডস জোন এবং ক্যাম্পিং জোন। ফুড জোনে দেশি-বিদেশি খাবার, লাইভ ফুড স্টল, বারবিকিউ, আইসক্রিম ও জুসের আয়োজন থাকবে। মার্কেট জোন ও ক্র্যাফট ভিলেজে পোশাক, অলংকার, মাটির পণ্য এবং স্থানীয় কারিগরদের তৈরি বিভিন্ন শিল্পপণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা থাকবে।

    ওয়েলনেস জোনে সূর্যোদয়ের সঙ্গে যোগব্যায়াম ও মেডিটেশনের আয়োজন করা হবে। শিশুদের জন্য কিডস জোনে থাকবে আর্ট, নিরাপদ রাইডসহ বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম। ক্যাম্পিং জোনে নাইট-স্টে ক্যাম্পিং, ওপেন-স্কাই লাইব্রেরি, সেলফ-বারবিকিউ, হ্যামক, ক্যাম্পফায়ার এবং টেলিস্কোপে রাতের আকাশ দেখার সুযোগ রাখার পরিকল্পনা রয়েছে।

    এ ছাড়া কার্নিভালে লাইভ আর্ট ও ফটো গ্যালারি, ওপেন-স্কাই মুভি থিয়েটার, ভিআর জোন, সার্কাস টেন্ট, কায়াকিং, লাইভ বাস্কিং, গো-কার্ট, বিচ ফুটবল, বিচ হ্যান্ডবল, বিচ ভলিবল, বিচ কাবাডি, ব্যাডমিন্টন ও স্যান্ড স্কাল্পচারের মতো কার্যক্রম থাকবে। বিশেষ দিনগুলোতে বিজয় দিবস, বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে বিশেষ আয়োজনও রাখা হয়েছে।

    বিচ ভিউ ওপেন থিয়েটারে ‘ওয়েভ অব মিউজিক’ শীর্ষক সংগীতানুষ্ঠানেরও আয়োজন থাকবে। এতে সমুদ্রের সামনে সূর্যাস্তের পরিবেশে সংগীত উপভোগের সুযোগ পাবেন দর্শনার্থীরা।

    বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, কক্সবাজারকে আরও বৈচিত্র্যময় ও আকর্ষণীয়ভাবে দেশি-বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরতেই কক্সবাজার পর্যটন কার্নিভাল আয়োজন করা হচ্ছে। বিশেষ করে বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারকে নতুনভাবে উপস্থাপনের মাধ্যমে তাদের সংখ্যা বাড়ানোর লক্ষ্য রয়েছে বলে তিনি জানান।

    আয়োজকদের প্রত্যাশা, তিন মাসব্যাপী এই আয়োজনের মাধ্যমে পর্যটকরা সমুদ্র উপভোগের পাশাপাশি দিন ও রাতে বিভিন্ন ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

    চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, কক্সবাজারকে প্রাণবন্ত, বৈচিত্র্যময়, নিরাপদ, টেকসই এবং আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে নতুনভাবে ব্র্যান্ডিং করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    কার্নিভালের বিস্তারিত কর্মসূচি ও আয়োজন সম্পর্কে পর্যটন করপোরেশনের কর্মকর্তারা মিডিয়া ব্রিফিংয়ে অবহিত করেন। পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরির পাশাপাশি কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে আরও বিস্তৃতভাবে তুলে ধরাই আয়োজনটির অন্যতম লক্ষ্য।

    কার্নিভালের খবর ও ভিডিও আপডেট পেতে GreenOnlineBD-এর YouTube Community অনুসরণ করুন।

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।