ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদের এই অধিবেশন শুরু হয়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়। এর প্রায় দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
ওই নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ৭৭টি আসন পেয়ে সংসদের প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করছে।
কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নিতে পারেনি। ফলে বর্তমান সংসদে দলটির কোনো প্রতিনিধিত্ব নেই।
সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করার বাধ্যবাধকতা রয়েছে। সেই বিধান অনুসারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন।















