বৈরী আবহাওয়ার কারণে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবতরণে ব্যর্থ হয়ে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের (এমইউ-৯৬১৭) একটি যাত্রীবাহী ফ্লাইট দুই দফায় ঢাকায় নামতে বাধ্য হয়েছে। শনিবার (২৯ আগস্ট) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফ্লাইটটি কাঠমান্ডুতে অবতরণ করতে পারেনি। গন্তব্যে পৌঁছানো সম্ভব না হওয়ায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পাইলট চায়না ইস্টার্নের ফ্লাইটটি ঢাকায় ফিরিয়ে আনতে বাধ্য হন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার ১১৬ জন যাত্রী ও ক্রু নিয়ে চীনের কুনমিং বিমানবন্দর থেকে কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি। নেপাল সীমানায় পৌঁছানোর পর কাঠমান্ডু বিমানবন্দরের আশপাশের আবহাওয়া চরম প্রতিকূল হয়ে ওঠে। দীর্ঘক্ষণ আকাশে চক্কর কাটলেও নিরাপদে অবতরণের পরিবেশ না পাওয়ায় নির্দেশনা অনুযায়ী চায়না ইস্টার্নের ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।
প্রথম দফায় বিকেল সোয়া ৫টার দিকে ফ্লাইটটি ঢাকায় নিরাপদে অবতরণ করে। পরে কাঠমান্ডুর আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ার আভাস পেলে প্রয়োজনীয় জ্বালানি নিয়ে চায়না ইস্টার্নের ফ্লাইটটি আবার কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছাড়ে। তবে দ্বিতীয় দফাতেও কাঠমান্ডুর আকাশসীমায় একই ধরনের বৈরী আবহাওয়ার মুখে পড়ে এটি।
বহু চেষ্টা করেও অবতরণ সম্ভব না হওয়ায় রাতে দ্বিতীয়বারের মতো ফ্লাইটটি ঢাকায় ফিরিয়ে আনা হয়। রাত সাড়ে ১১টার দিকে চায়না ইস্টার্নের ফ্লাইটটি নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আবহাওয়া স্বাভাবিক হলে পরবর্তী সুবিধাজনক সময়ে ফ্লাইটটি আবার কাঠমান্ডুর উদ্দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ ও চায়না ইস্টার্নের যৌথ উদ্যোগে ১১৬ জন যাত্রী ও ক্রুর জন্য রাজধানীর একটি হোটেলে সাময়িক থাকার ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: শিক্ষা সংবাদ | আন্তর্জাতিক সংবাদ
YouTube Community: https://www.youtube.com/@GreenOnlineBD/posts















