বাংলাদেশে সম্ভাব্য সার সংকটের কারণে প্রায় ১ কোটি ৮১ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ইউরিয়া সারের দাম বৃদ্ধি ও সরবরাহ ঝুঁকির কারণে খাদ্য নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়তে পারে।
ডব্লিউএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ তার ইউরিয়া সারের প্রায় ৮০ শতাংশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করে। বর্তমানে দেশে থাকা মজুদ অক্টোবর পর্যন্ত চাহিদা মেটাতে সক্ষম হলেও সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইউরিয়ার দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে। একই সময়ে গ্যাস সংকটের কারণে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত পাঁচটি ইউরিয়া কারখানার মধ্যে তিনটি উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে, যা দেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
ডব্লিউএফপি জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর ইউরিয়া সারের দাম ও সরবরাহে নতুন চাপ তৈরি হয়েছে। এর প্রভাব কৃষি উৎপাদনে পড়লে খাদ্য নিরাপত্তা সংকট আরও গভীর হতে পারে।
সংস্থাটির আশঙ্কা, চলমান সংকটের ফলে বাংলাদেশে প্রায় ১৮.১ মিলিয়ন বা ১ কোটি ৮১ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখোমুখি হতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, সার সরবরাহ নিশ্চিত করা এবং কৃষি উৎপাদন অব্যাহত রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তা না হলে খাদ্য নিরাপত্তা পরিস্থিতির ওপর বড় ধরনের চাপ তৈরি হতে পারে।
আরও পড়ুন: Green Online
আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community















