সিনেটর নির্বাচিত হয়েই ‘হাবিবি পিএসি’ গঠন করলেন আবদুল এল সায়েদ

০
৪৩
আবদুল এল সায়েদ, Habibi PAC, Michigan Senator, Muslim US Senator, Leadership Political Action Committee
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • যুক্তরাষ্ট্রের সিনেটের প্রথম মুসলিম সদস্য নির্বাচিত হওয়ার কয়েক দিনের মধ্যেই ‘হাবিবি পিএসি’ নামে একটি রাজনৈতিক তহবিল সংগ্রহ কমিটি গঠন করেছেন মিশিগানের নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সায়েদ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের (এফইসি) নথিতে তার পৃষ্ঠপোষকতায় কমিটিটি নিবন্ধনের তথ্য দেখা গেছে। খবর আল জাজিরার।

    আবদুল এল সায়েদ গঠিত ‘হাবিবি পিএসি’ একটি লিডারশিপ পলিটিক্যাল অ্যাকশন কমিটি। সাধারণ নির্বাচনী প্রচার তহবিলের বাইরে এ ধরনের কমিটির মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিরা অন্য প্রার্থী, নিজ দল ও রাজনৈতিক সংগঠনকে অর্থ সহায়তা দিতে পারেন।

    ‘হাবিবি’ আরবি ভাষার একটি স্নেহসূচক শব্দ। এর অর্থ ‘আমার প্রিয়’ বা ‘আমার ভালোবাসার মানুষ’। নির্বাচনী প্রচারের সময় শব্দটি প্রায়ই ব্যবহার করতেন এল-সায়েদ। ডেট্রয়েটে বিজয় ভাষণেও তিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে উদ্দেশ করে শব্দটি ব্যবহার করেন।

    মঙ্গলবারের নির্বাচনের পর এল-সায়েদ ছাড়াও কয়েকজন নবনির্বাচিত ডেমোক্র্যাট নেতা লিডারশিপ পিএসি নিবন্ধন করেছেন। তাদের মধ্যে রয়েছেন অ্যারিজোনার নবনির্বাচিত কংগ্রেস সদস্য আমিশ শাহ, আইওয়ার সিনেটর জশ টুরেক এবং নর্থ ক্যারোলাইনার সিনেটর রয় কুপার।

    ওপেনসিক্রেটসের তথ্য অনুযায়ী, আইনপ্রণেতারা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ ও রাজনৈতিক প্রভাব বাড়াতে এবং দলীয় নেতৃত্ব বা গুরুত্বপূর্ণ কমিটির পদ পাওয়ার সম্ভাবনা জোরদার করতে লিডারশিপ পিএসি ব্যবহার করেন। ২০২৪ সালের নির্বাচনী চক্রে এসব কমিটি ফেডারেল পর্যায়ের প্রার্থীদের মোট ৭৯ কোটি ৩০ লাখ ডলার অনুদান দিয়েছিল।

    মিশিগানে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে সিনেটর নির্বাচিত হন মিসরীয় অভিবাসীদের সন্তান আবদুল এল সায়েদ। নির্বাচনী প্রচারের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও সিনেটর টেড ক্রুজ তার আনুগত্য নিয়ে প্রশ্ন তোলেন। কোনো প্রমাণ ছাড়াই তাকে ‘জিহাদি’ আখ্যা দেওয়া এবং মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    নির্বাচনের আগে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এল-সায়েদ বলেছিলেন, বিদেশে গণহত্যা বা বর্ণবাদী শাসনে জড়িত সরকারগুলোকে অর্থ না দিয়ে দেশের মানুষের জীবন রক্ষায় করদাতাদের অর্থ ব্যয় করা উচিত। তিনি আরও বলেন, শুধু ট্রাম্পকে পরাজিত করাই যথেষ্ট নয়; যে ব্যবস্থা ট্রাম্পের মতো নেতার জন্ম দিয়েছে, সেটিও বদলাতে হবে।

    রাজনীতিতে অর্থের প্রভাব কমানো ছিল তার নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান অঙ্গীকার। বিজয় ভাষণে তিনি বলেন, এই ফলাফল প্রমাণ করেছে, অর্থের সঙ্গে সাধারণ মানুষের লড়াইয়ে সাধারণ মানুষই জিততে পারে।

    ওপেনসিক্রেটসের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে মোট ব্যয় ১ হাজার ১৯০ কোটি ডলারে পৌঁছাতে পারে। ২০২২ সালের নির্বাচনে এই ব্যয়ের পরিমাণ ছিল ৮৯০ কোটি ডলার। সুপার পিএসির মাধ্যমে নির্বাচনী প্রচারের বাইরে ব্যয় ৩৯০ কোটি ডলারে পৌঁছানোর আশঙ্কা রয়েছে, যা ২০২২ সালের তুলনায় ৮৫ শতাংশ বেশি।

    প্রতিবেদন অনুযায়ী, অর্থদাতাদের পরিচয় প্রকাশ না করা ‘ডার্ক মানি’র পরিমাণ ইতোমধ্যে অন্তত ১৪৭ কোটি ডলারে পৌঁছেছে। নির্বাচনী প্রচারের বাইরে ব্যয়ের ক্ষেত্রে রক্ষণশীল গোষ্ঠীগুলো উদারপন্থী গোষ্ঠীগুলোর চেয়ে প্রায় ৩৬ কোটি ডলার বেশি ব্যয় করেছে বলে ওপেনসিক্রেটস জানিয়েছে।

    আরও পড়ুন: আন্তর্জাতিক সংবাদ।

    ভিডিও ও আপডেট পেতে যুক্ত থাকুন: Green Online BD YouTube Community।

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।