রাজধানীর পোস্তগোলা এলাকা থেকে সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে ডেকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি, অপহরণ, হত্যার হুমকি এবং ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
মঙ্গলবার (৬ অক্টোবর) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। সংগঠনটির নেতারা সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ ও জিম্মি করার অভিযোগকে গুরুতর ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।
বিবৃতিতে বলা হয়, একজন সাংবাদিককে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে অপহরণ, অস্ত্রের মুখে জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে উদ্বেগ তৈরি করে।
সাংবাদিক কামরুজ্জামান বাবলুর বক্তব্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে তাঁকে ডেকে নেওয়া হয়। পরে অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ব্যাংক কার্ড ও মোবাইল আর্থিক সেবা ব্যবহার করে অর্থও হাতিয়ে নেওয়া হয়েছে।
ডিআরইউ নেতৃবৃন্দ সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে ঘিরে ওঠা অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
তদন্তের অংশ হিসেবে ব্যাংক লেনদেন, এটিএম বুথের তথ্য, মোবাইল আর্থিক সেবার লেনদেন, ব্যবহৃত মোবাইল নম্বর ও আইএমইআইসহ সংশ্লিষ্ট তথ্য গুরুত্বের সঙ্গে পর্যালোচনার আহ্বান জানিয়েছে ডিআরইউ।
ডিআরইউ নেতৃবৃন্দ সাংবাদিক কামরুজ্জামান বাবলুর পাশে থাকার কথা জানিয়ে তাঁর ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
সাংবাদিকতা ও জাতীয় সংবাদসংক্রান্ত আরও আপডেট পড়ুন জাতীয় সংবাদ বিভাগে। সর্বশেষ আপডেট পেতে GreenOnlineBD YouTube Community-তে যুক্ত থাকুন।















