নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদরাসার ছাদে খেলতে গিয়ে ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ পাঁচ শিক্ষার্থীর মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ দুই শিক্ষার্থীর মৃত্যু হলো।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় জিদনী (১৪) মারা যায়। তার শরীরের প্রায় ৮২ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে মঙ্গলবার বিকেলে আতিয়া আক্তার (১১) নামে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার জিদনীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ জিদনী আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
দগ্ধ আরেক শিক্ষার্থী লামিয়া বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন এবং তার অবস্থাও আশঙ্কাজনক। সুমাইয়া আক্তার ও আছিয়া আক্তারের শরীরে দগ্ধের পরিমাণ তুলনামূলক কম। তাদের পর্যবেক্ষণে রাখা হলেও চিকিৎসকরা তাদের শঙ্কামুক্ত বলেননি।
গত শনিবার সন্ধ্যায় ফতুল্লার হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন মহিলা মাদরাসার ছাদে ছাত্রীরা খেলাধুলা করছিল। এ সময় পাশের বৈদ্যুতিক লাইনে থাকা একটি ট্রান্সমিটার বিস্ফোরিত হয়ে ছাদে এসে পড়লে পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ শিক্ষার্থীদের মধ্যে বর্তমানে তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
আরও খবর: জাতীয় সংবাদ
আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community















