জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেশাগত ও কারিগরি দক্ষতা বাড়ানো, শিল্পখাতের চাহিদার সঙ্গে শিক্ষাক্রমের সমন্বয় এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে অভিবাস টেকনিক্যাল ট্রেইনিং ইনস্টিটিউটের (ওটিটিআই) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ের ভাইস-চ্যান্সেলরের কনফারেন্স হলে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এবং অভিবাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মালেকা পারভীন মোলি এতে স্বাক্ষর করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের আরও দক্ষ করে গড়ে তোলা প্রয়োজন। শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারেও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবেন।
এই সহযোগিতার আওতায় জাপানি ভাষা, কেয়ারগিভিং, তথ্যপ্রযুক্তি (আইটি), ডিজিটাল মার্কেটিং, বিউটিফিকেশন ও হসপিটালিটিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে। প্রশিক্ষণ সফলভাবে শেষ করা শিক্ষার্থীদের সার্টিফিকেশনের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হবে। এর ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নতুন সুযোগ তৈরি হবে।
এ ছাড়া শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে পরিচিত করতে ইন্টার্নশিপ ও অ্যাপ্রেন্টিসশিপ কার্যক্রম পরিচালনা করা হবে। সম্ভাব্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও দুই প্রতিষ্ঠান সহযোগিতা করবে। এতে শিক্ষার্থীরা একাডেমিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
সমঝোতার আওতায় শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা, দক্ষতার প্রয়োজনীয়তা ও কর্মসংস্থান নিয়ে যৌথ গবেষণা, সেমিনার ও কর্মশালার আয়োজন করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতা গড়ে তুলতেও এই অংশীদারত্ব ভূমিকা রাখবে। সব মিলিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সম্ভাবনা বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আরও পড়ুন: শিক্ষা সংবাদ
Read & Join us: YouTube Community















