জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় মতিউর রহমান-এর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে আলোচিত এই মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে।
ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালত সোমবার অভিযোগ গঠন করে আগামী ১৪ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। আদালতে হাজির হয়ে মতিউর রহমান নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।
পরে আসামিপক্ষ জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন। দুদকের চার্জশিটে বলা হয়েছে, মতিউর রহমান সম্পদ বিবরণীতে ১ কোটি ২৪ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং প্রায় ৫ কোটি ৪১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
২০২৪ সালে কোরবানির জন্য ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন তার পরিবারের সদস্য। এরপর মতিউর রহমান ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য সামনে আসে।
দুদকের অনুসন্ধানে মতিউর ও তার পরিবারের নামে জমি, ফ্ল্যাট, রিসোর্ট, শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সম্পদের তথ্য পাওয়া যায়। একই সঙ্গে ব্যাংক হিসাব, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস হিসাব ও শেয়ারবাজারের বিও হিসাবও জব্দ করা হয়। মতিউর রহমান মামলায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন।
আরও পড়ুন: আন্তর্জাতিক সংবাদ
আমাদের YouTube Community: https://www.youtube.com/@GreenOnlineBD/posts















