ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কালাকচুয়া এলাকার মিয়ামি হোটেলের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘাতক ‘স্টারলাইন পরিবহন’-এর একটি বাস একটি প্রাইভেটকারকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদের পরিবারের সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিচয়
নিহতরা হলেন- মাওলানা ফয়সাল আহমদের ভগ্নিপতি মুফতি আব্দুল মমিন (৫০), বোন ঝর্না বেগম (৪০), ভাগনি লাবিবা (১৮) এবং ছোট ভাগনে সাইফ (৭)। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রাইভেটকার চালক জামাল হোসেনও (৫২)। তারা সবাই নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাতারপাইয়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, পরিবারটি নোয়াখালী থেকে ঢাকার দিকে আসছিল। পথে মিয়ামি হোটেলে নাস্তা শেষ করে মহাসড়কে ওঠার মুহূর্তেই দ্রুতগামী বাসটি তাদের গাড়িটিকে পিষে দেয়।
অলৌকিকভাবে বেঁচে গেল এক শিশু
এই ভয়াবহ দুর্ঘটনায় গাড়িতে থাকা ১২ বছরের শিশু আবরার অলৌকিকভাবে বেঁচে গেলেও গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন অথবা আমাদের ফেসবুকে অনুসরণ করুন















