🏏 দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
✍️ প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। প্রতিযোগিতাটির আগের পাঁচটি আসরে কোনো বাংলাদেশি ক্রিকেটার দল পাননি।
এবার মোট ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার নিলামের জন্য নাম জমা দিয়েছিলেন। তাদের মধ্যে মোস্তাফিজুর রহমানসহ দুজন চূড়ান্ত তালিকায় জায়গা পান।
## বার্মিংহ্যাম ফোনিক্সে খেলবেন মোস্তাফিজ
মোস্তাফিজুর রহমান ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে নিলামে নাম লিখিয়েছিলেন। পরে তাকে এক লাখ পাউন্ডে দলে ভিড়িয়েছে বার্মিংহ্যাম ফোনিক্স।
বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেনের নামও চূড়ান্ত তালিকায় উঠেছিল। তবে তার প্রতি কোনো দল আগ্রহ দেখায়নি। রিশাদও মোস্তাফিজের মতো ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে নিলামে অংশ নিয়েছিলেন।
বার্মিংহ্যাম ফোনিক্সে মোস্তাফিজ সতীর্থ হিসেবে পাবেন জ্যাকব বেথেল, দনোভান ফেরেইরা, উসমান তারিক ও রেহান আহমেদদের।
এর আগে বিগ ব্যাশ লিগে রিশাদ হোসেন এই রেহান আহমেদের সঙ্গে একই দল হোবার্ট হারিকেন্সে খেলেছিলেন।
এদিকে দ্য হান্ড্রেডের নিলামের জন্য নাম জমা দিয়েও চূড়ান্ত তালিকায় জায়গা পাননি সাকিব আল হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, সৌম্য সরকারসহ আরও অনেক ক্রিকেটার।
সাকিব আল হাসান সর্বোচ্চ ক্যাটাগরি অর্থাৎ ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্যে নাম দিয়েছিলেন। মোস্তাফিজ ও রিশাদের ভিত্তিমূল্য ছিল ৭৫ হাজার পাউন্ড। অন্যদের সবার ভিত্তিমূল্য ছিল ৩১ হাজার পাউন্ড।















