স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ পুলিশ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। এটি একটি দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক বাহিনী, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।
রোববার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী নবীন কর্মকর্তাদের ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তায় দক্ষতা অর্জনের আহ্বান জানিয়ে বলেন, সাধারণ মানুষের প্রকৃত বন্ধু ও সেবক হিসেবে বাংলাদেশ পুলিশকে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে পুলিশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সেবা নিতে আসা কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি শুরু হওয়া ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের ৫৮ জন প্রশিক্ষণার্থী কর্মজীবনে প্রবেশ করেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ প্রশিক্ষণার্থীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল অ্যাডিশনাল আইজিপি জিএম আজিজুর রহমান। বাংলাদেশ পুলিশকে আরও পেশাদার ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আরও পড়ুন: বাংলাদেশ
আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community















